০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৪৮ পিএম

ঢামেকে আগুন: তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিউমোনিয়া রোগীর মৃত্যু

ঢামেকে আগুন: তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিউমোনিয়া রোগীর মৃত্যু
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালের নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিটে প্রবেশ পথের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার গণমাধ্যমকে বলেন, শনিবার (৪ জানুয়ারি) রাতে নিউমোনিয়াজনিত রোগে তার বাবাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, আজ অগ্নিকাণ্ডের সময় তার বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন তার বোন জামাই রাকিব। এ সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।