এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার।
সোমবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
তপন কুমার বলেন, ‘এসএসসি পরীক্ষার রুটিন আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগামী ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।’
মহামারীর আগে দেশে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হত। করোনাভাইরাস ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।
সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে দুই মাসের একটি বিরতি দেওয়া হয়। চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা।
এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা।
তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।
-
২১ এপ্রিল, ২০২৬
-
১০ জুলাই, ২০২৫
-
২৮ নভেম্বর, ২০২২
-
৩১ জুলাই, ২০২২
-
২৭ সেপ্টেম্বর, ২০২১