ঢামেকে শিক্ষক সমিতির আয়োজনে জমকালো পিঠা উৎসব
মেডিভয়েস রিপোর্ট: গ্রামীণ জনপদে শীত এলেই ঘরে ঘরে শুরু হয় পিঠার ধুম। কিন্তু ব্যস্ত শহরে এই পিঠার স্বাদ পেতে দ্বারস্থ হতে হয় পিঠার দোকানে। তাই বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষক সমিতি আয়োজন করে পিঠা উৎসবের।
আজ রোববার (১৫ জানুয়ারি) ঢামেকের মিলন অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে ছিল নানাপদের মুখরোচক পিঠা পুলির আয়োজন। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহনে পিঠা উৎসব এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
উৎসবে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।
উৎসব প্রাঙ্গণে অতিথিদের বরণ করেন ঢামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুণ)।
উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ঢামেকের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফজালুল হক রানা, ঢামেকের বিভিন্ন বিভাগের প্রধান, সর্বস্তরের শিক্ষক, ইন্টার্ন চিকিৎসকসহ সাবেক ও বর্তমান মেডিকেল শিক্ষার্থীরা।