১৪ জানুয়ারী, ২০২৩ ০৩:০৩ পিএম

কর্নিয়া দানে অন্যের চোখের দৃষ্টি হয়ে বাঁচুন: বিএসএমএমইউ ভিসি

কর্নিয়া দানে অন্যের চোখের দৃষ্টি হয়ে বাঁচুন: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসি বলেন, কর্ণিয়া দান একটি সহজ প্রক্রিয়া, যার মাধ্যমে মুখমণ্ডলের কোনো বিকৃতি হয় না।

মেডিভয়েস রিপোর্ট: কর্নিয়া দান করে মৃত্যুর পরেও অন্যের চোখের দৃষ্টি হয়ে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগে রোগীদের চক্ষু পরীক্ষা শেষে উপস্থিত শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, রোগী ও তাদের স্বজনসহ সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

ছয়জন রোগীর চোখে সফল কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, সকল রোগীরই চোখ ভালো আছে এবং কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কর্নিয়া দানের মাধ্যমে মানুষের অন্ধত্ব দূর করা সম্ভব। কর্নিয়া দান করে মৃত্যুর পরেও অন্যের চোখের দৃষ্টি হয়ে বেঁচে থাকুন। এটি একটি মহতী সুযোগ। কর্নিয়া দান একটি সহজ প্রক্রিয়া, যার মাধ্যমে মুখমণ্ডলের কোনো বিকৃতি হয় না। কর্নিয়ার অভাবে অন্ধত্ব দূরীকরণ কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। কর্নিয়া দানে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম বিরাট ভূমিকা রাখতে পারেন। এজন্য আমি গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে দেশবাসী কর্নিয়া দানে উৎসাহিত হয় এবং অন্ধত্ব দূরীকরণ কার্যক্রম সফল হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিএসএমএমইউর চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের উদ্যোগে ছয়জন রোগীর চোখে কর্নিয়া প্রতিস্থান করা হয়। এসব রোগীদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করেন চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শীষ রহমান এবং সহকারী অধ্যাপক ডা. রাজশ্রী দাশ। এসব কর্নিয়া সংগ্রহে নেপালের তিলগঙ্গা আই ইনিস্টিটিউট চক্ষু ব্যাংক ও নেপালী চিকিৎসকগণ সহায়তা করেন।

যে সকল রোগীর চোখে সফলভাবে কর্নিয়া স্থাপন করা হয়েছে। তারা হলেন- আব্দুর রহিম (১৮), তানহা মাহাজিন ইকরা (১৪), রাজিয়া খাতুন (৬০), খাদিজা (৬০), তাসলিমা (৩২) ও গৌরাঙ্গ চন্দ্র দাস (৬০)।

চক্ষু বিজ্ঞান বিভাগ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অচিরেই সংযোজনের জন্য কর্নিয়া প্রেরণ করবে। এজন্য ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো আই ব্যাংকের সঙ্গে এমওইউ চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশে কর্নিয়া সংযোজনে জনগণের অসচেতনতা এবং কর্ণিয়া সংগ্রহের অপ্রতুলতার কারণে একটি বিরাট সংখ্যক কর্নিয়া রোগীর কর্নিয়া প্রতিস্থাপন করা সম্ভব হয় না। সে কারণে বিএসএমএমইউর ভিসি বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সহায়তায় কর্নিয়া সংযোজনের জন্য এমওইউ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছেন।

এআইডি/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত