মেডিকেল অলিম্পিয়াডের শেষ পর্বে ৮ দল
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মেধা-মনন ও মুক্তবুদ্ধির চর্চা বাড়াতে আয়োজিত বাংলাদেশ মেডিকেল অলিম্পিয়াডের সেমিফাইনাল শেষে ফাইনাল পর্বে স্থান করে নিয়েছে ৮ টি দল।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এবং প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এরপর কুইজ প্রতিযোগিতায় ১৬ দল থেকে আট দলকে চূড়ান্ত পর্বের জন্য বাচাই করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইব্রাহিম খলিলের নেতৃত্বাধীন ঢাকা মেডিকেল কলেজের দল। এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছে এসটিএমসি, দলটির নেতৃত্বে আছেন তুর্জয়। তৃতীয় হয়েছে গাউসুল আজমের নেতৃত্বে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এছাড়া চূড়ান্ত পর্বে পৌঁছেছে গ্রীন লাইফ মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দ্বিতীয় দল, রাজশাহী মেডিকেল কলেজ ও কক্সবাজার মেডিকেল কলেজ।
এর আগে ১৭ ডিসেম্বর যোগ্যতার বিচারে ১৮৯টি দল থেকে ১৬ দল সেমিফাইনালে যাওয়ার সুযোগ পায়। এই ১৬ দলের মধ্যে নয়টি দলই বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। বাকি সাতটি দল বেসরকারি মেডিকেলের।
এদিকে ফাইনালে বিজয়ী দলের জন্য ট্রফি ছাড়া ২০২৩ সালে ইন্দোনেশিয়ার মেডিকেল অলিম্পিয়াডে যোগদানে বিমানের টিকিট দেওয়া হবে। রানার আপ দল পাবে ভারত অথবা নেপালের অলিম্পিয়াডের টিকিট।
এ আয়োজনের সহযোগিতায় রয়েছে— স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন।