রেসিডেন্সি পরীক্ষার ফি বৃদ্ধি নিয়ে সংশোধিত নোটিস শিগগিরই
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস কোর্সে অধ্যয়নরতদের পরীক্ষার ফি ২০ ভাগ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই বিএসএমএমইউর ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিস প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিএসএমএমইউর ফেজ-‘এ’ ও ফেজ-‘বি’র পরীক্ষার ফি ২০ শতাংশের বেশি বৃদ্ধি করা হচ্ছে না। দ্রুতই এ সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হবে।’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘পরীক্ষার ফি ২০ শতাংশ বাড়ানো হবে। শিক্ষার্থীদের জন্য সহনীয় হবে বিবেচনায় অর্থ কমিটি সুপারিশ করেছে। গত ১৭ ডিসেম্বর মাননীয় ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটে এটি পাস হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে, দ্রুতই কার্যকর হবে। এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই।’
এর আগে পরীক্ষার ফি বৃদ্ধির নোটিস সংশোধনের বিষয়ে গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মেডিভয়েসকে বলেন, ‘ফেজ-‘এ’র পরীক্ষার জন্য ২০ হাজার টাকা ও ফেজ-‘বি’র জন্য ২২ হাজার টাকা নির্ধারণের বিষয়টি পরিবর্তন করা হবে। পরীক্ষার ফি ২০ শতাংশ বাড়ানোর বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের অর্থ কমিটি ২০ ভাগ বাড়ানোর পরামর্শ দিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০ ভাগ বৃদ্ধি গ্রহণযোগ্য। সর্বোচ্চ চেষ্টা থাকবে শিক্ষার্থীদের পর্যাপ্ত সুবিধা দেওয়া এবং সকল খরচ সহনীয় পর্যায়ে রাখার।’
তবে এ ঘোষণার দুই সপ্তাহ পরও সংশোধিত নোটিস না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, কম সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়া ও ফরম পূরণ করা চ্যালেঞ্জিং।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মেডিভয়েস বলেন, পূর্ব ঘোষিত নোটিস অনুযায়ী ২৭ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দিতে হবে। সে হিসাবে মাত্র চার কর্ম দিবস বাকি আছে।
শেষ সময়ে এসেও নতুন নোটিস না আসায় উদ্বিগ্ন এ শিক্ষার্থী বলেন, আগামী শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকবে। এ অবস্থায় মাত্র চার কর্ম দিবসের মধ্যে টাকা জমা দেওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। কারণ টাকা জমা হওয়ার ২৪ ঘণ্টা পর ফরম পূরণ করতে হয়। এ পরিস্থিতিতে দ্রুত কোনো সিদ্ধান্ত না আসলে তো সমস্যা।
এর আগে গত ছয় ডিসেম্বর বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে বলা হয়, এমডি-এমএস, ফেজ-‘এ’র পরীক্ষার ফি ২০ হাজার ও ফেজ-‘বি’র ফি ২২ হাজার টাকা করা হলো। নোটিসে জরিমানা ফি ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়।
এ ছাড়া কোর্স আউট শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানাসহ ফি যথাক্রমে ৭০ হাজার টাকা ও ৭২ হাজার টাকা করা হয়।
নোটিসে পরীক্ষার ফি প্রায় দ্বিগুণ বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা কর্তৃপক্ষের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।