২৪ অক্টোবর, ২০২২ ১০:২৬ এএম

দাবি মেনে নেয়ার আশ্বাসে কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা

দাবি মেনে নেয়ার আশ্বাসে কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা
ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. ইমরান হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। দাবি মেনে নেওয়ার আশ্বাসে রোববার (২৩ অক্টোবর) কাজে ফিরে যান তারা। 

আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. ইমরান হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সব মহল থেকেই আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনা হবে। তারা আমাদের কাছে তিন দিন সময় চেয়েছে। সব দিক বিবেচনা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে দুই দফা দাবি রয়েছে, যথা- চিকিৎসকদের জন্য কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা, সে দাবিতে আমরা এখনো অনড় আছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে পরবর্তীতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে রোববার দুপুরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাথে বৈঠকে বসে হাসপাতাল পরিচালনা পরিষদ। এতে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশের আলীসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। 

বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের দাবি অনুযায়ী, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ কাজের সুস্থ পরিবেশ নিশ্চিত করা এবং সেই সাথে হাসপাতাল ও চিকিৎসকে ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, গত বুধবার রাত আটটার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয়তলার বারান্দা থেকে পড়ে যান মার্কেটিং বিভাগের ছাত্র শাহরিয়ার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। এ নিয়ে এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও রাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষে আলাদা দুইটি মামলা করেন। এ ছাড়াও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে রোববার আলাদা বিক্ষোভ করে রাবি ছাত্র ও ইন্টার্ন চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত