‘উন্নত রাষ্ট্রে পরিণত হতে শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: জয়পুরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের এমসিএইচ সার্ভিস ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। এতে মূল বিষয় উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক এবং এমসিএইচ ও মাতৃস্বাস্থ্য প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান।
কর্মশালায় বক্তারা বলেন, উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য প্রসবকালীণ জটিলতা দূর করে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর বিকল্প কিছু নেই। বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ইতিমধ্যেই সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করেছে।
এসময় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. কে এম জোবায়ের গালীবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গাইনী ডা. সওদাগর শাহানা পারভীন, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ প্রমূখ।
ইউনিয়ন চেয়ারম্যান, সংরক্ষিত আসন মহিলা সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।