গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে আইসিইউতে কৌতুক অভিনেতা রনি
মেডিভয়েস রিপোর্ট: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি । এ ঘটনায় রনি ছাড়াও আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
জানা যায়, জিএমপির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। কিছুদূর উড়ে যাওয়ার পর মাটিতে পড়ে বিস্ফোরিত হয় গ্যাস ভর্তি বেলুন। এতে দগ্ধ হন আবু হেনা রনি ও একজন পুলিশ সদস্যসহ পাঁচজন।
জিএমপির উপ-পুলিশ কমিশনাার মো. হুমায়ন কবির সাংবাদিকদের জানান, ‘গ্যাস বেলুন বিস্ফোরণে অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। সবাইকে উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থা গুরুতর। তারা দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) চিকিৎসা নিচ্ছেন।’
এ বিষয়ে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, অভিনেতা রনির শরীরের ৪০ ভাগ, মোশাররফের ৩০ ও অন্যদের ২০ ভাগ করে দগ্ধ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মোহাম্মাদ রবিউল করিম খান গণমাধ্যমকে বলেন, এখানে আনা দুইজনের ফেইসে বার্ন আছে। আর এসব রোগীদের শ্বাসনালীর এ্যাসিসমেন্টটা তিনদিনের আগে বলা যায় না যে, কতটুকু বার্ন আছে।