ঢাবির চূড়ান্ত প্রফের ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস চূড়ান্ত পেশাগত মে-২০২২ এবং জানুয়ারি-২০২২ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাবির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ ফলাফল দেওয়া হয়।
নোটিসে বলা হয়েছে, ‘ভাইস-চ্যান্সেলরের ১২ সেপ্টেম্বর আদেশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পেশাগত এমবিবিএস মে-২০২২ এবং জানুয়ারি-২০২২ সালের পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সাময়িকভাবে প্রকাশিত হইল।’
এতে বলা হয়েছে, ‘এবার ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার হাজার ৯৯১ জন। পাসের হার ৬৮.৬৮ শতাংশ। পরীক্ষায় পাশ করেছেন তিন হাজার ৪১৭ জন এমবিবিএসের পরীক্ষার্থী। রিপোর্টেড হয়েছেন ১১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে চার হাজার ৯৭৫ জন এমবিবিএসের শিক্ষার্থী। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৬ জন শিক্ষার্থী।’
এতে আরও বলা হয়েছে, ‘প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হইলে তাহা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করিবার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি/অভিযোগ থাকিলে অথবা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করিতে ইচ্ছুক হইলে চলতি বছরের ১২ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় তথ্যপ্রমাণাদিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে। উল্লিখিত সময়ের পর কোনো আপত্তি/অভিযোগ গ্রহণ করা হইবে না।’