নিবন্ধন প্রশ্নে ছাড় নয়: অধ্যাপক আহমেদুল কবীর
মেডিভয়েস রিপোর্ট: অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির কোনো আপত্তি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ঔনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ কথা জানান।
অভিযানে অনিবন্ধিত হাসপাতালকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
‘হাসপাতালের নিবন্ধনই সব কিছু নয় আনুষঙ্গিক বিষয়গুলো ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সহজে নিবন্ধন নিশ্চিতে কাজ করছে অধিদপ্তর। বেসরকারি হাসপাতালের নিবন্ধনের মেয়াদ এক বছর থেকে দুই বছর করা হবে’, যোগ করেন স্বাস্থ্যের অতিরিক্ত ডিজি।
হাসপাতালের অনুমোদন নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডে নিবন্ধন নম্বর ও মেয়াদ উল্লেখ করা থাকতে হবে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য সেবার মান নিশ্চিতে অধিদপ্তর সবসময় সক্রিয়। এ লক্ষ্যে চলমান অভিযান ও হাসপাতালে নিবন্ধন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।