আয়ুর্বেদিক ওষুধের মোড়কে মাদকমিশ্রিত পানীয় বিক্রি, গ্রেপ্তার ৬
মেডিভয়েস রিপোর্ট: আয়ুর্বেদিক ওষুধের মোড়কে মাদকমিশ্রিত পানীয় উৎপাদন ও বিক্রির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি তাদের কাছে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, কামরাঙ্গীরচরে একটি দোকানে আয়ুর্বেদিক ওষুধের নামে মাদকমিশ্রিত পানীয় বিক্রি করা হয়। তাঁদের সন্তানেরা এই পানীয়র প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই পানীয় পানের পর তারা মদ্যপের মতো মতো আচরণ করছে।
তিনি বলেন, এ অভিযোগের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল গোপনে কামরাঙ্গীরচরে দোকান থেকে কথিত আয়ুর্বেদিক ওষুধ সংগ্রহ করে। সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় পানীয়তে মাদকের উপস্থিতি পাওয়া যায়।
এর পর তাদের রাজধানীর নারিন্দায় তাদের কারখানা এবং নাজিরা বাজার, কামরাঙ্গীরচর, গুলিস্তান ও কাঁটাবনসহ বিভিন্ন এলাকায় তাদের আউটলেটে অভিযান চালায় র্যাব। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- ওয়াজেদ ইসলাম (২০), মো. রাসেল (২৯), মো. হৃদয় (২৯), মো. মুরসালিন আহম্মেদ (১৮), মো. সবুজ মিয়া (১৮) ও মো. নান্টু (৫২)।
এর মধ্যে ওয়াজেদ চক্রের মূল হোতা এবং বাকিরা তাঁর সহযোগী বলে জানিয়েছে র্যাব।
অভিযানে ৩ হাজার ৫০০ বোতল বিভিন্ন ধরনের মাদকমিশ্রিত পানীয় উদ্ধার হয়েছে। এ ছাড়া ইয়াবা বড়ির গুঁড়া, গাঁজাসদৃশ বস্তুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খন্দকার আল মঈন জানান, এই পানীয় পানে তীব্র ঘুম হয়। যৌন উত্তেজনার সৃষ্টি হয়। এই পানীয় সেবনে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। নানা রকম শারীরিক জটিলতা হতে পারে।