হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: নওগাঁ সদর হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতককে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নবজাতককে উদ্ধার করা হয়। পরে ওই হাসপাতালেই তাকে ভর্তি করা হয়।
এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের নার্সিং সুপারভাজার মোসা. সুফিয়া খাতুন আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে জানান, হাসপাতালের নতুন ভবনের সিঁড়িতে কন্যা নবজাতকটি পরে থাকতে দেখেন দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। শিশুটিকে ডাক্তার এসে চিকিৎসাসেবা দিচ্ছেন এবং সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।
শিশুটির বর্তমান অবস্থা জানতে চাইলে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রতন কুমার সিং মেডিভয়েসক বলেন, ‘শিশুটির বয়স একদিন হবে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে শিশুটি। আমি শিশুটিকে দেখি আসছি। এখন সে ভালো আছে।’
তিনি আরও জানান, শিশুটিকে পাওয়ার পর থানায় খবর দেওয়া হয়। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।