বন্ধু গ্রুপের ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট ২৯ জুলাই
মেডিভয়েস রিপোর্ট: আগামী শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বন্ধু গ্রুপ’ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট-২০২২।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউর সাবেক ভিসি, প্রখ্যাত নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের সিইও অধ্যাপক ডা. এম এ রশিদ।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল অনুষ্ঠান পরিচালনা করবেন এবং অ্যাকাডেমিক অ্যাডভাইজার হিসেবে উপস্থিত থাকবেন।
বিষয়ভিত্তিক চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. সাঈবা আখতার, দেশবরেণ্য ইনফার্টিলিটি স্পেশালিস্ট অধ্যাপক ডা. রাশিদা বেগম ও অধ্যাপক ডা. জাকির হোসেন।
অনুষ্ঠানে দেশসেরা মেডিসিন, সার্জারি ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেন্টর হিসেবে উপস্থিত থেকে প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জুনিয়র ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করবেন।
ক্যারিয়ার সামিটের কনভেনার ডা. কাজী আয়েশা ছিদ্দিকা ও কো-কনভেনার ডা. জীবনী রায়, ডা. কেয়া দাস ও ডা. সারোয়ার জাহান।
অনুষ্ঠান শেষে মেডিকেল স্টুডেন্ট ও চিকিৎসকদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
সারাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আট শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই পর্যন্ত।