একদিনে ৩৬ ডেঙ্গু রোগী আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩১ ও ঢাকার বাইরে পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ সোমবার (৪ জুলাই) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২৫ জন এবং ঢাকার বাইরে ১৯ জন।
এতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট এক হাজার ২৩৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮৩ জন।
গত কয়েক বছরের চেয়ে এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর রাজধানীসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
-
১৫ জুলাই, ২০২১