সৌদি অর্থায়নে ৫ হাসপাতালে বার্ন ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সৌদি আরবের অর্থায়নে দেশের পাঁচটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২০ জুন) জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে। প্রকল্পটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হবে। এ প্রকল্প গত বছরের ৭ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এ ছাড়া চীন সরকারের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হবে। পাশাপাশি চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় একটি ও খুলনা জেলায় একটি বার্ন ইউনিট স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, যেকোনো অসুস্থ ব্যক্তিকে যখন হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসকের কাছে নেওয়া হয়, তখনই ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসাসেবা প্রদানে অসম্মতি জ্ঞাপনের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব সরকারি–বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কঠোর নির্দেশনামূলক পত্র দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত তদারকি করা হয়ে থাকে।
বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকসেবীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ভবিষ্যতে পর্যায়ক্রমে সব জেলায় সরকারি হাসপাতালগুলোতে আলাদা ইউনিট চালু করার উদ্যোগ নেওয়া হবে।
-
০৯ এপ্রিল, ২০২৬
-
০৭ ডিসেম্বর, ২০২৪
-
০৩ নভেম্বর, ২০২৩
-
১২ জানুয়ারী, ২০২৩
-
১৫ মার্চ, ২০২২
-
০৭ মার্চ, ২০২২
-
০৮ ডিসেম্বর, ২০২১
-
২০ মার্চ, ২০২১