এইচআইভি সচেতনতায় ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের ২৫ জন ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে ‘বেসিক ট্রেনিং অন এইচআইভি এবং এইডস’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের এএসপি কনফারেন্স রুমে ৩১ মে-২ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতিদিন সকাল ৯.৩০ থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা। সমাপনী দিনের শেষ সেশনে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের অনেকের ধারণা এইচআইভি ভাইরাস শুধু শারীরিক সম্পর্ক থেকে ছড়িয়ে থাকে। জেনে রাখা ভালো শুধু যৌন সম্পর্ক নয়, আরও অনেক কারণে এই রোগ ছড়াতে পারে। অনেক সময় সার্জারি করতে গিয়ে সার্জনরা ইনজেকশন প্রসিডিউর করতে গিয়ে অসাবধানতার জন্যে অন্যান্য সার্জনের পাশাপাশি ডেন্টাল সার্জনরাও সংক্রমিত হয়। সেক্ষেত্রে আমাদের সিভিসি গাইড লাইন আছে, সেগুলো অনুসরণ করলে এ রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এইচআইভি এবং এইডস প্রতিরোধে সচেতনতা জরুরি। গাইডলাইন ফলো করার পরেও যদি কোনো সার্জন আক্রান্ত হয়ে যায়, তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস’র (পিইপি) মাধ্যমে আধুনিক চিকিৎসা রয়েছে বলে জানান তিনি।
দুই মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করা হয়।