পাঁচবিবিতে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মেডিভয়েস রিপোর্ট: জয়পুরহাটের পাঁচবিবির রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কোনো বৈধ কাগজপত্র না থাকায় এ দুই প্রতিষ্ঠানকে সিলগালা ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে অভিযানটি পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন। এতে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুসনেয়ারা পারভীন, স্বাস্থ্য পরিদর্শক প্রবীর কুমার প্রমুখ।
ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো-জামিলা প্যাথলজিক্যাল সেন্টার, ইমন প্যাথলজিক্যাল সেন্টার। আর জ্যোতি স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী মেডিভয়েসকে বলেন, আমরা অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে অভিযান পরিচালনা করেছি। যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজ নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।