৩য় শ্রেণির কর্মচারীদের সময় মতো অফিসে আসার আহ্বান বিএসএমএমইউ ভিসির
মেডিভয়েস রিপোর্ট: তৃতীয় শ্রেণির কর্মচারীদেরকে সময় মত অফিসে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে ‘এ’ ব্লকের মিলনায়তনে তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘সময় মত অফিসে আসতে হবে। সময়ের কাজ সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।’
তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিজে নেতা হলে কাজ বেশি করতে হয়। বক্তৃতার চাইতে কাজ বেশি করতে হবে।’
বিএসএমএমইউর ভিসি বলেন, ‘কর্মচারীদের উন্নয়নে নীতিমালা করাসহ তাদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।