অনির্দিষ্টকালের জন্য আপডেট ডেন্টাল কলেজ বন্ধ ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: আপডেট ডেন্টাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের সাত দফা দাবির প্রেক্ষিতে ১৭তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
শনিবার (২১ মে) কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।
এতে বলা হয়, ‘সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও সাধারণ জনগণের চিকিৎসা সেবা চালু রাখার স্বার্থে সভা পরবর্তী সময় থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।’
এতে আরো বলা হয়, ‘হোস্টেলে অবস্থানরত আপডেট ডেন্টাল কলেজের সকল ছাত্র-ছাত্রীদেরকে শনিবার (২১ মে) সন্ধ্যা ৬টার মধ্যে হোস্টেল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে কলেজ কর্তৃপক্ষ বাধ্য থাকিবে।’
আজ সোমবার (২৩ মে) আপডেট ডেন্টাল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মেডিভয়েসকে মো. নায়েব বলেন, বর্তমানে ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে থেকে ৭ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে আসছে আপডেট ডেন্টাল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আন্দোলনের এমন পর্যায়ে এসে কলেজ কর্তৃপক্ষ এই সিন্ধান্ত নেয়।
এই কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে সাধারণ শিক্ষার্থীরা । এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ডেন্টাল কলেজ শিক্ষার্থী ও ডেন্টাল সার্জনবৃন্দ এই প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হলো:
১. ইন্টার্ন ডাক্তারদের বেতন দশ হাজার করতে হবে। (বর্তমান বেতন ৩,০০০ টাকা)
২. ৬০ মাসের অধিক বেতন নেয়া যাবে না।
৩. অবৈধ সেশন চার্জ বন্ধ করতে হবে।
৪. অতিরিক্ত বিলম্ব ফি বন্ধ করতে হবে।
৫. ইন্টার্ন চিকিৎসক পরিষদ অনুমোদন চাই।
৬. ইন্টার্ন ডাক্তারদের জন্য কমন রুম চাই।
৭. অফিস স্টাফদের খারাপ আচরণ বন্ধ করতে হবে।