‘পক্ষাঘাতের চিকিৎসায় সার্জনদের দক্ষতা অর্জনের বিকল্প নেই’
মেডিভয়েস রিপোর্ট: পক্ষাঘাতের চিকিৎসায় সার্জনদের দক্ষতা অর্জনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সাবেক পরিচালক ও বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. খ. আব্দুল আওয়াল রিজভী।
আজ রোববার (১৫ মে) বাংলাদেশে সার্জনদের জন্য ‘বেসিক টেকনিকস অব থোরাকো-লাম্বার স্পাইন ফিক্সেসন’ শীর্ষক এক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে উল্লেখ করে অধ্যাপক আব্দুল আওয়াল রিজভী বলেন, এ অবস্থায় পক্ষাঘাতের চিকিৎসায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসাররাত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিটোর’র পরিচালক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ, নিটোরের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মো. মোনায়েম হোসেন, বিওএস’র মহাসচিব অধ্যাপক. ডা. মো. ওয়াহিদুর রহমান, বাংলাদেশ স্পাইন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম।
এই কর্মশালার কোর্স সমন্বয়ক অধ্যাপক ডা. মো. শাহ আলম বলেন, দুই দিনের কর্মশালা বাংলাদেশের স্পাইন সার্জনদের জন্য খুবই কার্যকর হয়েছে, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় যেভাবে পক্ষাঘাতগ্রস্থ রোগী বাড়ছে সেটা আশঙ্কাজনক। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকেও সেবা ও দক্ষতা বাড়াতে হবে। না হলে এতো সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না।
অধ্যাক ডা. মো. আব্দুল গনি বলেন, গত ঈদে প্রায় ৬০০ বাইক এক্সিডেন্ট কেইস এসেছে শুধু নিটোরে, যার মধ্যে মৃত্যু হার আশঙ্কাজনক। যার মধ্যে স্পাইনাল ইনজুরি ৫ থেকে ৬ শতাংশ।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর পক্ষে সবাইকে চিকিৎসা সেবা দেওয়া কঠিন। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, দেশে দিন দিন বাড়ছে মেরুদণ্ডের বিভিন্ন রোগ। এর মধ্যে মেরুদণ্ডের বিকলাঙ্গতা ও যক্ষ্মা অন্যতম। এসব সমস্যার জন্য দেশের মানুষকে ছুঁটতে হতো বিশ্বের বিভিন্ন দেশে। তবে আশার কথা হলো, মেরুদন্ডের উন্নত চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি হাসপাতালে এখন আন্তর্জাতি মানের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে দক্ষ, প্রশিক্ষিত স্পাইন সার্জন তৈরির বিকল্প নেই। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে এমন প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের চিকিৎসকদের নিঃসন্দেহে আরো বেশি দক্ষ করে গড়ে তুলবে। এদেশের মধ্যম ও নিম্নবৃত্ত মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
কর্মশালায় ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরি সেন্টারের স্পাইন সার্জারি বিভাগের কলসালটেন্ট ও বিভাগীয় প্রধান গুরুরাজ এম সানগোনথিমাত এবং বাংলাদেশের অভিজ্ঞ আটজন স্পাইন সার্জন এই কর্মশালায় মেরুদণ্ডের আধুনিক অপারেশনের কৌশল নিবন্ধিত ২৮ জন অংশগ্রহণকারীকে হাতে কলমে দক্ষতা প্রদান করেন।