ছয় দিন পর দুই জনের মৃত্যু, শনাক্ত ৩৬
মেডিভয়েস রিপোর্ট: টানা ছয় দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২৬ জন। এ সময় ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন।
আজ সোমবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো দুই জনই মহিলা। তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৯টি পরীক্ষাগারে পাঁচ হাজার ৪৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৪০৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৮৫৫টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৫৫ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য এক ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১২৬ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩২ জন।