০১ এপ্রিল, ২০২২ ০১:৫৪ পিএম

আগামী মঙ্গলবার বিকেলে এমবিবিএস পরীক্ষার ফল: স্বাস্থ্য শিক্ষা ডিজি

আগামী মঙ্গলবার বিকেলে এমবিবিএস পরীক্ষার ফল: স্বাস্থ্য শিক্ষা ডিজি
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ফল প্রস্তুতির জন্য আমরা চার দিন সময় নিচ্ছি।

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। আজ শুক্রবার (১ এপ্রিল) ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দুপুরে মেডিভয়েসকে এমন তথ্য দেন তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সম্ভবত আগামী মঙ্গলবার বিকেলে পরীক্ষার ফল দিতে পারবো। ফল প্রস্তুত করার জন্য আমরা চার দিন সময় নিচ্ছি।’ 

গত বছর দুই দিনের ব্যবধানে ফল প্রকাশ করা হয়েছিল, বিষয়টি স্মরণ করানো হলে তিনি বলেন, ‘জি, গত বছর দুই দিনে দেওয়া হয়েছিল। কিন্তু এবার রমজান মাস। এ কারণে পূর্ণ গতিতে কাজ করা যাচ্ছে না। ওই বছর দিন-রাত কাজ করেছিলাম, এবার এটা সম্ভব হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই সময় একটু বেশি লাগবে।’

পরীক্ষা কেমন হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এমন আয়োজনে আমরা সন্তুষ্ট।’ 

পরীক্ষা নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ব্যাপক সহযোগিতা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছি। সামগ্রিকভাবেই ভালো পরীক্ষা হয়েছে।’

প্রশ্নের মানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার আওতাভুক্ত না। আমরা প্রশ্ন দেখিওনি। আমার প্রশ্ন দেখার সুযোগও নাই। কোনোবারই দেখিনি। আমি বা আমাদের পরিচালক (মেডিকেল শিক্ষা) কেউ দেখেননি। যারা ওএমআর শিট করেন, তারাই দেখেন, তারাই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন।’

অভিযোগবিহীন এমবিবিএস ভর্তি পরীক্ষা

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব মেডিভয়েসকে বলেন, ‘পরীক্ষা সফলভাবে শেষ হলো। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতবারের তুলনায় আরও অভিযোগবিহীনভাবে সম্পন্ন হলো।’

তিনি বলেন, ‘যত আগে ফলাফল দেওয়া যায়, ততই আমরা চিন্তামুক্ত হয়ে যাই। এবার গতবারের চেয়ে প্রার্থী বেশি। সেবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার। গত বছর ২ এপ্রিল পরীক্ষা হয় এবং ৪ এপ্রিল সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। আমাদের ফলাফল তৈরি করে বুয়েট এবং এটা ঢাবির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ক্রস চেক করানো হয়। যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাই বেশি সময় লাগবে।’

এর আগে সকালে সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে সকাল ১১টা পর্যন্ত। দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০% জাতীয় মেধায় ২০% জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে। জাতীয় মেধায় ৪,২৩০ জন (শুধু মেধা কোটায় ৩,৩৮৪জন+জেলা কোটায় ৮৪৬ জন), মুক্তিযোদ্ধা কোটায় ৮৭, উপজাতীয় কোটায় ৩৩ জন নির্বাচিত করা হবে। এ ছাড়া ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের ৬,৪৮৯টি আসনের জন্য ছাত্র ভর্তির নির্দেশনা প্রদান করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 

• মোট কেন্দ্র: ১৯ (১৮টি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজ) 
• মোট আবেদনকারী ছাত্র/ছাত্রী: ১,৪৩,৯১৫ জন। 
• সর্ব মোট ভেন্যুর সংখ্যা: ৫৭টি 
• সর্ব মোট হল সংখ্যা: ১,৭৯২টি 
• ঢাকায় মোট আবেদনকারী: ৬১,৬৭৮ জন। 
• ঢাকায় ভেন্যুর সংখ্যা: ১৮টি 

এ বছর ১টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা

১,৪৩,৯১৫/৪৩৫০ = সরকারি প্রতিটি আসনের জন্য ৩৩.০৮ জন পরীক্ষার্থী, 
১,৪৩,৯১৫/১০৮৩৯ = সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১৩.২৭ জন পরীক্ষার্থী 

• সরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৪ ৩৭, আসন সংখ্যা: ৪,৩৫০ 
• বেসরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৭২, আসন সংখ্যা: ৬,৪৮৯ 
• করোনা পরিস্থিতিতে এমবিবিএস ভর্তি পরীক্ষা জাতীয় কোভিড-১৯ কারিগরি উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী সতর্কতা অবলম্বন করে করা হবে।

ঢাকা মহানগরীতে ১৮ ভেন্যু

ঢাকা মহানগরীর কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন; লেকচার থিয়েটার ভবন; বিজনেস স্টাডিজ অনুষদ ভবন; সামাজিক বিজ্ঞান অনুষদ; মোকারম হোসেন, বিজ্ঞান ভবন; এ.এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন; কাজী মোতাহার হোসেন ভবন; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা। ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারি তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত