স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৬৮৯
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারের ২ হাজার ৬৮৯টি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে নবসৃজিত নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে অনলাইনে (dghsc.teletalk.com.bd) আবেদন করা আহ্বান করা যাচ্ছে।
এতে আরও বলা হয়, আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। স্থায়ী এ চাকরিতে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে দেশের যে কোনো স্থানে। বয়স হতে হবে ১ মার্চ ২০২২ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। তবে আগে আবেদন করে থাকলে পুনরায় করার দরকার নেই।
‘টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফি বাবদ ১১২ টাকা ৭২ ঘণ্টার মাধ্যে পাঠাতে হবে। ২১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।