নবীন চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দিতে হবে: অধ্যাপক প্রাণ গোপাল
মেডিভয়েস রিপোর্ট: নবীন চিকিৎসকদেরকে অলসতা ও বিলাসিতা ছাড়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রখ্যাত নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে ‘এ’ ব্লক অডিটোরিয়ামে বিএসএমএমইউর রেডিডেন্সি কোর্স মার্চ ২০২২ সেশনের নবীনবরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অধ্যাপক প্রাণ গোপাল বলেন, ‘সফল না হওয়া পর্যন্ত নবীনদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সততা, একাগ্রতা এবং নিরহংকার গুণ অর্জন করতে হবে। লেখাপড়ার মধ্যে থাকতে হবে। গবেষণাকে গুরুত্ব দিতে হবে। রোগীদের প্রতি সবসময়ই সুন্দর ব্যবহার করতে হবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, ‘ইনডাকশন প্রোগ্রামে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই মেডিকেল সাইনটিস্ট। জ্ঞান বৃদ্ধি, দক্ষতা অর্জন ও উৎকর্ষ সাধনে রেসিডেন্সি প্রোগ্রামের বিকল্প নাই।
শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন,‘ মেডিকেল শিক্ষার শেষ নাই। মানবিক মূল্যবোধকে ধারণ করে সৎ ও সুন্দর জীবনযাপনের মাধ্যমে লক্ষ্য পূরণ করতে হবে।’
বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে স্মরণে রেখেই এগিয়ে যেতে হবে। জনগণের জন্য কল্যাণকর গবেষণায় মনোযোগী হতে হবে। রোগীদেরকে নিজ পরিবারের সদস্যের মতো সেবাদানের সাথে সাথে চৌকষ বিশেষজ্ঞ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’