দ্বিতীয় ডোজের আওতায় লক্ষ্যমাত্রার ৭০ ভাগ জনগোষ্ঠী: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্যমাত্রার ৭০ ভাগ জনগোষ্ঠী করোনা টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন আট কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩৮৯ জন, যা লক্ষ্যমাত্রার ৭০ দশমিক ০৬ ভাগ।
এ ছাড়া এ পর্যন্ত মোট ১২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৮৩১ জনগোষ্ঠী প্রথম ডোজের আওতায় এসেছে, যা জনসংখ্যার ৭২ দশমিক ০৪ ভাগ। এবং লক্ষ্যমাত্রা থেকে দুই দশমিক ৯১ শতাংশ বেশি।
অন্যদিকে বুস্টার ডোজের আওতায় এসেছে ৩৭ লাখ ১৮ হাজার ৫৮৫ জন, যা লক্ষ্যমাত্রার চার দশমিক ৪৫ শতাংশ।
প্রসঙ্গত, বাংলাদেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। গেল বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।