এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি ২২ আগস্ট শুরু হবে। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।
আজ মঙ্গলবার (০১ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এমন তথ্য জানা যায়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফরম পূরণ ও প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষাসংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ১৩ এপ্রিল। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে।
অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে আগামী ১৪ জুলাই।
অফিস আদেশ থেকে জানা গেছে, এ বছরও এসএসসি এবং এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এ চারটি বিষয় বাদ দেওয়া হয়েছে। আর এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাদ দেওয়া হয়েছে। এ বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
এর আগে গত রোববার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটির সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্বাচনী পরীক্ষা (টেস্ট) না নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ওই সভাতেই বিকল্প হিসেবে পরীক্ষা শুরুর আগে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছিল কমিটি। করোনার সংক্রমণের কারণে ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়াতেই মূলত এটিসহ পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব করা হয়েছিল। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড।