১০ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৯ এএম

নার্স বদলিতে বাণিজ্য তদন্তে লিগ্যাল নোটিশ

নার্স বদলিতে বাণিজ্য তদন্তে লিগ্যাল নোটিশ
মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের এই নোটিশ পাঠান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সব হাসপাতালসমূহে নার্স বদলি, টাকা লেনদেন ও বাণিজ্য সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে এবং বদলি বাণিজ্যে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের বুধবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ডাকযোগে এই নোটিশ পাঠান।

এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট সিন্ডিকেটের অভিযুক্ত মো. জামাল উদ্দিনকে বিবাদী করা হয়েছে।

নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। তা না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি জানিয়ে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, নোটিশে দেশের নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে রক্ষার জন্য প্রয়োজনীয় আশু ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এ ছাড়া নার্সদের বদলিতে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ তদন্ত করার জন্য স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে।

পাশাপাশি বদলি বাণিজ্যের অভিযোগ তদন্ত করে অবৈধ সিন্ডিকেটের সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে বলা হয়েছে।

দুদক কর্তৃক তদন্ত করে ঘুস গ্রহণকারী ব্যক্তিদের নিকট থেকে টাকা আদায় করে ভুক্তভোগী নার্সকে ফেরত প্রদানের জন্য বলা হয়েছে।

একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যও বলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তিন মাসে প্রায় চার হাজার নার্সকে বদলি করা হয়েছে। সেই বদলির মাধ্যমে একটি সিন্ডিকেট প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পেশাগতভাবে বদলি চাকরির একটি স্বাভাবিক নিয়ম। কিন্তু প্রত্যেক নার্সকে প্রতিবার বদলির জন্য গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। আর এই বদলি বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বিশাল সিন্ডিকেট। সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে তাদের আত্মীয়স্বজন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক