এমবিবিএস কোর্সে ৯ ভারতীয় শিক্ষার্থীর ভর্তির সুযোগ
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির জন্য ৯ ভারতীয় শিক্ষার্থী নির্বাচিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ জানুয়ারি আদেশ অনুসারে নিম্নলিখিত বিদেশী শিক্ষার্থীদের সেল্ফ ফাইন্যান্স এডুকেশন স্কিমের অধীনে (২০২০-২০২১) প্রথম বর্ষের এমবিবিএস কোর্স ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘তাদেরকে ০৬ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তির সময় সমস্ত মূল সার্টিফিকেট এবং মার্কশিট অধ্যক্ষের অফিসে জমা দিতে হবে। তাদের ভর্তির সময় টিউশন ফি জমা দিতে হবে। সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের ফি স্থানীয় বাংলাদেশের শিক্ষার্থীদের অনুযায়ী হবে।’
এ ছাড়া, নির্বাচিত নন-সার্ক বিদেশি ছাত্রদের প্রত্যেক শিক্ষাবর্ষের টিউশন ফি হিসাবে সংশ্লিষ্ট মেডিকেল কলেজে ব্যাংক ড্রাফ্ট অথবা পে-অর্ডারের মাধ্যমে অধ্যক্ষকে পাঁচ হাজার মার্কিন ডলার (ফিলিস্তিনের ছাত্র ব্যতীত) দিতে হবে। অন্যান্য ফি (যদি প্রযোজ্য হয়) সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ), ভারতীয় দূতাবাস, রেজিস্ট্রার (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।