এক বছরে ডেঙ্গুতে বিদায় ১০৫ জন, আক্রান্ত ২৮৪২৯
মেডিভয়েস রিপোর্ট: দেশে এক বছরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ১০৫ জন মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে মাত্র ৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবাই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২৮ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরে এখন পর্যন্ত ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৮ হাজার ৪২৯ জন। তবে এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ২৬৫ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬