২২ ডিসেম্বর, ২০২১ ০৯:২৩ পিএম

মেডিকেল ভর্তিপরীক্ষা হতে পারে সংক্ষিপ্ত সিলেবাসে

মেডিকেল ভর্তিপরীক্ষা হতে পারে সংক্ষিপ্ত সিলেবাসে
অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস আমি সংগ্রহ করেছি, যেটির ওপর তাদের পরীক্ষা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির যেসব সদস্য প্রশ্নপত্র প্রণয়ন করেন, তাদেরকে সিলেবাসটি দেবো, যাতে এর ভেতর থেকে পরীক্ষা নেওয়া হয়।’

মো. মনির উদ্দিন: স্নাতক পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব। তবে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়া এ নিয়ে দাপ্তরিক কোনো ব্যাখ্যা দিতে অসম্মতি প্রকাশ করে তিনি বলেন, এ নিয়ে কথা বলার এখনো অনেক সময় বাকি আছে।

আজ বুধবার (২২ ডিসেম্বর) রাতে মেডিভয়েস প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ মত প্রকাশ করেন তিনি। 

গত ১৯ ডিসেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষায়ও তা বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবেন তিনি।

নায়েম মিলনায়তনে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম-নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধনী ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে, সেই সিলেবাসটাই তারা পড়েছে। তার বেশি যদি তারা পড়তে পারতো তাহলে পরীক্ষাতেও তাদের সিলেবাস বড় করতাম। তাদের সংক্ষিপ্ত সিলেবাসই পড়তে হয়েছে। এখন তাদের যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবার পুরো সিলেবাসে পরীক্ষা হয়, সেটি নিশ্চয়ই যুক্তিযুক্ত হলো না। নায্যতার প্রশ্ন তো থেকেই যায়। যারা গুচ্ছ পদ্ধতিতে আছে তাদের সঙ্গেও, যারা নেই তাদের সঙ্গেও। আশা করি একটি ইতিবাচক সমাধান পাবো।’

এ ঘোষণার পর থেকেই আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হবে কিনা—বিভিন্ন মহল থেকে এ রকম প্রশ্ন উঠছে।

জানতে চাইলে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস আমি সংগ্রহ করেছি। যে সিলেবাসের ওপর তাদের পরীক্ষা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির যেসব সদস্য প্রশ্নপত্র প্রণয়ন করেন, তাদেরকে সিলেবাসটি দেবো, যাতে এর ভেতর থেকে পরীক্ষা নেওয়া হয়।’

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে নিজের সরাসরি সম্পৃক্ত না থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রশ্নপত্র প্রণয়নে যারা জড়িত, সাধারণত আমি তাদেরকে তথ্য-উপাত্ত জোগাড় করে দিই। যারা মেডিকেলে প্রশ্নপত্র প্রণয়ন করেন, আমার চেয়ে বিষয়টি তাদের বেশি জানা দরকার। তাই তাঁদের ওটাও (সংক্ষিপ্ত সিলেবাস) দেবো।’

বেশ কিছু দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছেন জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই পরিচালক বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অনেকগুলো কমিটি থাকে। ওভারসাইট কমিটি, এক্সপার্ট কমিটি, ভর্তি কমিটি। ভর্তি কমিটির সবাই আবার প্রশ্নপত্রের সঙ্গে জড়িত না। এটা খুবই স্পর্শকাতর হওয়ায় বিষয়টি একেবারেই গোপন থাকে।’

অধ্যাপক আহসান হাবিব বলেন, ‘স্টেক হোল্ডার মিটিং এখনো হয়নি। পরীক্ষার পূর্বে তাঁদের মাল্টিপল মিটিং হয়। শিক্ষাসহ অনেকগুলো বিষয় সামনে রেখে এই মিটিং হয়। সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা হচ্ছে, এ বিষয়টি আমি মিটিংয়েও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবো। যেন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করা হয়।’

‘শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে। এখন আমরা ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্তকরণের বিষয়টিও কমিটিকে বিবেচনা করতে বলবো। তবে এই কমিটির রূপরেখা এখনো প্রণয়ন হয়নি। এজন্য এ বিষয়ে কথা বললে তাড়াহুড়ো হয়ে যাবে। এখনো উপযুক্ত সময় আসেনি। বিষয়টি আমার মাথায় আছে। আমরা এ ব্যাপারে অমনোযোগী নই। আমি কমিটিকে বিষয়টি খুলে বলবো। সিদ্ধান্ত তারাই নেবেন’, যোগ করেন তিনি।

যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সেহেতু তাদের মেডিকেল ভর্তিপরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করেই হওয়া উচিত কিনা—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মতামত স্টেকহোল্ডার মিটিংয়ে প্রাধান্য পায় না। আমার মতামত তো থাকবেই। কমিটি যেটা ভালো মনে করে, সেটাই হবে। কারণ তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। সব চিন্তা করে তারা যেটা ভালো মনে করবে, সেটাই হবে। আশা করি, তারা এমনটি (সংক্ষিপ্ত সিলেবাস) করবে।’

অধ্যাপক আহসান হাবিব বলেন, ‘বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে আমি দ্বিধায় পড়ে যাই। যারা প্রশ্ন করবেন, তারা সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে করবেন?’

তবে এটি খুব দুরূহ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি খুব জটিল কিছু না। শিক্ষার্থীরা কয়েকটি চ্যাপ্টারের ওপর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ভর্তি পরীক্ষা তো প্রতিযোগিতামূলক পরীক্ষা। একটি চ্যাপ্টারের ওপর প্রশ্নপত্র তৈরি করলেও প্রকৃত মেধাবীকে বাছাই করা যাবে।’

সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়া দাপ্তরিক কোনো ব্যাখ্যা দিতে অসম্মতি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, এমনটি করলে বিষয়টি একপাক্ষিক হয়ে যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি পরীক্ষা
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত