কর্মস্থল ত্যাগের নির্দেশ ও হুমকি দিয়ে নারী চিকিৎসককে চিরকুট
মেডিভয়েস রিপোর্ট: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. আয়েশা আক্তারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চিরকুট পাঠিয়েছে দূর্বৃত্তরা। এর মধ্যে তাকে কোটচাঁদপুর ত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটি অমান্য করলে তার করুণ পরিনতির কথা স্মরণ করিয়ে হুমকি প্রদান করা হয়।
রোববার (১২ ডিসেম্বর) ডা. আয়েশার সরকারি বাসভবনে দরজার ভিতরে কে বা কারা এমন নিদের্শনা লেখা একটি চিরকুট ফেলে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন।
ডা. আয়েশা বলেন, শনিবার রাতে সরকারি কোয়ার্টারে ছিলেন না। রোববার সকালে বাসায় এসে দরজা খুলে তিনি চিরকুটটি পড়ে থাকতে দেখেন।
সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আ. রশিদ। এ ঘটনায় ডা. আয়েশা কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
মঈন বলেন, জিডিটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিষয়টির তদন্তভার দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নানকে।