উচ্চঝুঁকির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিলো ভারত
মেডিভয়েস রিপোর্ট: করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশকে উচ্চঝুঁকির তালিকায় রাখে ভারত। তবে ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন জানান, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে।’
করোনার উদ্বেগজনক ধরন ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চঝুঁকির একটি তালিকা তৈরি করে ভারত। এসব দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের গত ২৯ নভেম্বর থেকে নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করা শুরু হয়েছে।
ভারতের এ তালিকায় থাকা দেশগুলো হলো বাংলাদেশ, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব দেশের মধ্যে অমিক্রন সংক্রমণের ‘হটস্পট’ (কেন্দ্র) দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও হংকং থেকে ভারতে আসা উড়োজাহাজের যাত্রীদের নয়াদিল্লির বিমানবন্দরে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসা ব্যক্তিরাই কেবল বিমানবন্দর থেকে গন্তব্যে যাওয়ার অনুমতি পাবেন।
এ ছাড়া বাকি ৯ দেশ থেকে আসা ব্যক্তিরা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বিমানবন্দর ত্যাগ করার অনুমতি পাবেন। পরে তাঁদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। ফলাফল পজিটিভ বা নেগেটিভ হলে তাঁদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আজ মঙ্গলবার উচ্চঝুঁকির এই তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে নেওয়া হয়।
-
২৩ অক্টোবর, ২০২২
-
২৯ নভেম্বর, ২০২১