বিএসএমএমইউতে ৫৬৪তম সফল কিডনি প্রতিস্থাপন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় পুরোদমে এগিয়ে চলছে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম। এরই অংশ হিসেবে বিএসএমএমইউ হাসপাতালে এবার ৫৬৪তম সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
আজ রোববার (১৪ নভেম্বর) বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
করোনাসহ নানা কারণে দীর্ঘদিন কিডনি প্রতিস্থাপন বন্ধ ছিল জানিয়ে এতে আরও বলা হয়েছে, রোগীদের জীবন সুরক্ষায় বর্তমানে এই কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়েছে।
ইউরোলজি বিভাগে এই কার্যক্রমে মুখ্য ভূমিকা রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দেশের বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।
শনিবার (১৩ নভেম্বর) ২৩ বছর বয়সী মো. আবু হেনা শিশির নামে রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগ। অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত চিকিৎসক টিম এ প্রতিস্থাপন সম্পন্ন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিডনি দান করেছেন রোগীর মা ৪০ বছর বয়সী শারমিন আকতার। বর্তমানে দাতা ও গ্রহিতা উভয়েই সুস্থ আছেন।
কিডনি প্রতিস্থাপনের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।