‘মেডিকেলে ৩য় ও ৪র্থ বর্ষের ক্লাস চালুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি’
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের সশরীরে ক্লাস শুরু হওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। আজ রোববার (৩১ অক্টোবর) রাতে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘মেডিকেল কলেজগুলো খুলে দেওয়ার বিষয়ে মতামত জানতে কোভিড-১৯ জাতীয় কারিগরি কমিটির কাছে চিঠি দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে তারা এই দুই বর্ষের শিক্ষার্থীদের ক্লাস চালুর বিষয়ে আজকে ইতিবাচক মতামত দিয়ে আমাদেরকে চিঠি দিয়েছেন। কারিগরি দিকের মতামত পেলাম, এখন প্রশাসনিক মতামতের অপেক্ষায় আছি। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জানা জরুরি। এই সিদ্ধান্তের আলোকে আদেশ দেওয়া হবে। এরপর সশরীরের ক্লাস চালু হবে।’
কবে নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
মেডিকেলের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস চালুর বিষয়ে গত ২৫ অক্টোবর এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন মেডিভয়েসকে বলেন, ‘তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস চালু করা নিয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে গত ১০ দিন আগে চিঠি দেওয়া হয়েছে। কমিটির মতামত পেলেই খুলে দেওয়া হবে। তাঁদের পক্ষ থেকে এখনো কোনো মতামত আসেনি। তাঁরা আমাদের আনুষ্ঠানিক মতামত দেবেন। এর পর আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবো।’
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ২৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের একদিন পর মেডিকেল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি দেশের করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় ধাপে ধাপে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। প্রথমে সকল পর্যায়ের স্কুল-কলেজ এবং ধাপে ধাপে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৫ অক্টোবর, ২০২১
-
০৮ সেপ্টেম্বর, ২০২১
-
০১ সেপ্টেম্বর, ২০২১
-
২২ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১