বিভাগীয় প্রধান হলেন ডা. মুনিরা ফেরদৌসী
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন অধ্যাপক ডা. মুনিরা ফেরদৌসী। আজ বুধবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তিনি।
পদোন্নতি পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অনুভূতিটা অন্যরকম, যেটা অনেকদিন আগেই পাওয়ার কথা ছিল। আমার সহকর্মীরা অনেক আগেই বিভাগীয় প্রধান হয়েছেন। আমাদের তো সিরিয়ালিটি মেনটেইন করে পদোন্নতি হয়। যাইহোক; অনেক দিন পর হলেও বিভাগীয় প্রধান হয়েছি। এটি একটি আনন্দের খবর, অনেক ভালো লাগছে।’
অধ্যাপক ডা. মুনিরা ফেরদৌসীর ছোটবেলা কেটেছে রাজশাহীতে এবং তিনি রাজশাহী মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এরপর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন (নিপসম) থেকে এমপিএইচ এবং স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ থেকে এমএস ডিগ্রি অর্জন করেন।
ভারত থেকে বন্ধ্যাত্ব চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন ডা. মুনিরা ফেরদৌসী। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসেন অধ্যাপক ডা. মুনিরা ফেরদৌসী।
-
২০ অক্টোবর, ২০২১