শিগগিরই আরও এক কোটি মানুষকে ভ্যাকসিন প্রদান: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্রুততম সময়ে আরও এক কোটি মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হযরত শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে করোনা পরীক্ষা শুরু হবে। এতে বিদেশগামী নাগরিকদের টিকাদান আরও সহজতর হবে।’
দেশের সরকারি হাসপাতালের নব্বই ভাগ শয্যা খালি রয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে কয়েক দিনের মধ্যেই আবারও দেশে গণটিকা কার্যক্রম চালু হবে।
জাহিদ মালেক বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। একজন শিশুর বেড়ে ওঠার জন্য এর বিকল্প নাই। সুস্থ জাতি গঠনের জন্য মায়েদের সুষম খাবার সরবরাহ করতে হবে।
জাহিদ মালেক বলেন, করোনায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও জিডিপি প্রবৃদ্ধি ছয়ের উপরে রয়েছে। অনেকের কাজ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।