প্রথম বাংলাদেশি হিসেবে ইয়াং লিডার অব এশিয়া অ্যাওয়ার্ড পেলেন রাকিব
মেডিভয়েস রিপোর্ট: প্রথম বাংলাদেশি হিসেবে ইয়াং লিডার অব এশিয়া অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী রাকিব আল হাসান। শিশু ও নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র এবং শান্তিতে তাঁর অবদানের জন্য তিনি এই সম্মাননা অর্জন করেছে।
এশিয়ার বিখ্যাত যুব সংগঠন এশিয়ান ইয়ুথ কাউন্সিল তরুণদের সুযোগ প্রদানের জন্য এই অ্যাওয়ার্ড কর্মসূচির আয়োজন করে।
এই অর্জনের মাধ্যমে তিনি এশিয়ার সবচেয়ে প্রভাবশালী তরুণ নেতাদের মধ্যে বিবেচিত হবেন। পরবর্তীতে এশিয়ান ইয়ুথ কাউন্সিল সম্মেলনের আয়োজক সংগঠনেও অংশগ্রহণ করবেন তিনি। কোভিড পরিস্থিতির পরিবর্তন হলে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট, ক্রেস্ট এবং মেডেল হস্তান্তর করবে আয়োজক কমিটি।
তিনি এশিয়ান ইয়ুথ কাউন্সিলের অর্থায়নে এশিয়ার ৪৮টি দেশে ভ্রমণ করতে পারবেন এবং এশিয়ান ইয়ুথ কাউন্সিলের আন্তর্জাতিক প্রকল্প এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।
রাকিব আল হাসান একজন লেখক ও সক্রিয় কর্মী। তিনি আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত এবং প্রভাবশালী তরুণ লেখক, নিয়মিতভাবে তিনি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সমসাময়িক ঘটনা নিয়ে প্রবন্ধ ও কলাম লেখেন। কুর্দিস্তান যুব আন্দোলন আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে বিশ্ব মুসলিম নেতাদের জনমত গঠন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য নৈতিক সমর্থন আদায়ের ক্ষমতা এবং পাকিস্তানে বসবাসকারী বাঙ্গালিদের জাতিগত স্বীকৃতি অর্জনে তাঁর ভূমিকা তাকে এই অর্জন এনে দিয়েছে।
এর আগে, ২০১৯ সালে তিনি গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করে ছিলেন। চীন আয়োজিত ২০১৯ সামিটে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়াও গত বছর আজারবাইজানে আয়োজিত মুসলিম দেশসমূহ নিয়ে আন্তর্জাতিক সেচ্চাসেবক ফোরাম অব ইসলামিক কান্ট্রিসে অংশগ্রহন করেন তিনি। ইতিমধ্যে তাঁর সাতটি বই প্রকাশিত হয়েছে।