গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর: স্বাস্থ্য ডিজি
মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর। এর মাঝে পর্যাপ্ত টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।
আজ বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
খুরশীদ আলম বলেন, সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজার আসবে। কিছু কিছু দেশ আমাদের কাছে মডার্না ও ফাইজারের টিকা চাচ্ছে, এটা এখন দেওয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, কিছু র্যাপিড আরটি পিসিআর মেশিন কেনার চেষ্টা চলছে। নতুন করে আরও ৩০টি আরটি পিসিআর মেশিন কেনা হচ্ছে। উপজেলাতে জিন এক্সপার্ট মেশিন সেনসেটিভিটি ১০০ শতাংশ। এই মেশিনগুলাকে চালু করার জন্য একটা স্পেশাল ইকুইপমেন্ট লাগে, যেটা আমরা ইতোমধ্যেই সংগ্রহ করার ব্যবস্থা করছি। সেটা যদি হয় তাহলে পরে এক্টিভেশন কোন জায়গা দিয়েছে, সেগুলো কাজ করতে পারবে আশা করি।
স্বাস্থ্য ডিজি বলেন, আমরা যে ৫৬১টি ভ্যান্টিলেটর পেয়েছি তা আমরা সারাদেশে ছড়িয়ে দেবো। এই যন্ত্রগুলো আমরা ৩০০টি হাসপাতালে দেওয়ার কথা ভাবছি।
তিনি মিডিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আর স্বাস্থ্যখাত নিয়ে সবসময় সংযুক্ত আছেন। আমাদের সমস্ত ঘটনাবলি আপনারা তুলে ধরেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করুন, আমাদের দেখিয়ে দেন কোথায় কোথায় কাজ অ্যাড্রেস করতে হবে। কোন জায়গায় করলে পরে দেশের উন্নতি হবে, মঙ্গল হবে। মানুষের মঙ্গল হবে সেটুকু আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, সিএমএসডি পরিচালক পরিচালক আবু হেনা মোরশেদ জামানসহ আরও অনেকে।