১৬ অগাস্ট, ২০২১ ০৯:৫৮ পিএম

ডিপ্লোমা-এমফিলে ভাতা শিগগিরই: বিএসএমএমইউ ভিসি

ডিপ্লোমা-এমফিলে ভাতা শিগগিরই: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মো. মনির উদ্দিন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা-এমফিল (নন-রেসিডেন্সি) কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা খুব তাড়াতাড়িই প্রদান করা হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ সোমবার (১৬ আগস্ট) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় হয়েছে। এটা নিশ্চিত যে, তারা খুব তাড়াতাড়িই এ ভাতা পাবেন।’ তবে এ নিয়ে সুনির্দিষ্ট দিন-ক্ষণ বলতে রাজি হননি তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান মেডিভয়েসকে বলেন, ‘কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। ২৩ কোটি আশি লাখ টাকা বরাদ্দ পেয়েছি। বেশি দিন না, অল্প সময়ের মধ্যেই ডিপ্লোমা চিকিৎসকরা তাদের ভাতা পেয়ে যাবেন। তাদের নামের তালিকা চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হবে।’

অধ্যয়নতরা পুরো এরিয়ারের টাকাই পাবেন জানিয়ে তিনি বলেন, অল্প দিনের মধ্যে তাদের একাউন্টে টাকা চলে যাবে।

এই টাকা ছাড় হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘এর পুরো কৃতিত্ব ভিসি মহোদয়ের। এটা তাঁর বিশাল সাফল্য। এতো কম সময়ে এই টাকা ছাড় হওয়ার কথাও ছিল না। এই টাকা পাওয়া নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছিল। তিনি দায়িত্ব গ্রহণের এক মাস পর আমাকে নির্দেশনা দিয়ে বলেন, ডিপ্লোমা চিকিৎসকরা বিনা পয়সায় দায়িত্ব পালন করছেন। তাদের ভাতা চালুর বিষয়টি এগিয়ে নেন।’

এ বিষয়ে বিএসএমএমইউ ভিসির নিরলস প্রচেষ্টার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘দিনে যতবার দেখা হয়েছে, ততবারই বিষয়টি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি (ভিসি)। পাস হওয়ার পরও গত বছর থেকে এ ভাতা ঝুলে ছিল। তিনি (অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ) দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় এটি আলোর মুখ দেখলো। আমি তার নির্দেশনা বাস্তবায়ন করেছি। আমি তাঁর তৎপরতার সাক্ষী হয়ে থাকলাম।’

চলতি মাসে ভাতা চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মাসের তো আর কয়েকটা দিন বাকি আছে। ভিসি স্যারের চাওয়াটা এমন যে, আগামীকাল টাকাটা দিয়ে দেন। তবে এজন্য কিছু প্রক্রিয়া বাকি আছে। এটা সম্পন্ন হলে আশা করি, অল্প সময়ের মধ্যে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করবেন।’

ভাতা চালু হওয়ায় চিকিৎসকদের স্বস্তি মিলবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদ হোসেন মেডিভয়েসকে বলেন, ‘আমরা পাস করার পরেই চাকরি পেয়ে গেছি। এখন সবাই তা পায় না। আমাদের সময় আটটা সরকারি মেডিকেল কলেজ ছিল। বেসরকারি কোনো মেডিকেল কলেজ ছিল না। এখন সরকারি মেডিকেল কলেজ একত্রিশটা, আর সত্তরটি বেসরকারি। তাই ব্যাপক সংখ্যক চিকিৎসক পাস করার পরই চাকরি পান না। সুতরাং উচ্চশিক্ষায় আগ্রহীরা আর্থিক একটি সুবিধা পেলে, এটা গ্রহণ করা তাদের জন্য সহজ হয়। অভিভাবকরা ৫/৬ বছর পয়সা দিয়ে এমবিবিএস পাস করান। এর পরে উচ্চশিক্ষার সময় এসে সকলের আর্থিক সক্ষমতা থাকে না। এ কোর্স চলার সময় প্রাকটিসের পেছনে ছুটলে শিক্ষা ব্যাহত হয়। এমনটি হলে পড়াশোনায় পূর্ণ মনোনিবেশ করাও যায় না। সুতরাং এ ভাতা উচ্চশিক্ষার জন্য অত্যন্ত সহায়ক।’

প্রসঙ্গত, রেসিডেন্সি ও এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের জন্য ভাতার ব্যবস্থা থাকলেও ডিপ্লোমা কোর্সে ভাতার ব্যবস্থা ছিল না। এতে নন-রেসিডেন্সি এসব কোর্সে অধ্যয়নরতদের মানবেতর জীবন-যাপন করতে হতো, শিক্ষাকাল ছিল চরম ভোগান্তি ও উদ্বেগের।

এ অবস্থায় স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। ঐতিহাসিক এ সিদ্ধান্তের ফলে ৯ শতাধিক চিকিৎসক ভাতার আওতায় আসেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মাসে তাদের ২০ হাজার টাকা করে পাওয়ার কথা। তবে ১০ মাসেও এ ভাতা চালু না হওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক