পদোন্নতি ও উচ্চশিক্ষার দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: কর্মস্থলে পদোন্নতি, উচ্চশিক্ষার ব্যবস্থা ও মানহীন বেসরকারি ম্যাটস বন্ধ করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা চিকিৎসকরা।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি ড. শাহিদুর রহমান বাবু বলেন, ‘ডিপ্লোমা চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। অথচ সমপর্যায়ের চিকিৎসকদের পদোন্নতি, উচ্চ শিক্ষার ব্যবস্থা থাকলেও আমাদের সে ব্যবস্থা নেই। স্বাস্থ্য অধিদপ্তর তাদের সংকীর্ণ মানসিকতার জন্য বছরের পর বছর আমাদের ফাইল আটকে রেখেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ফাইল আটকে রেখে তারা সরকারের নির্দেশনা অমান্য করছেন। গত এক যুগ ধরে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগের ব্যবস্থা করা হয়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
এ সময় মানববন্ধন থেকে অ্যাসোসিয়েশনের পক্ষে বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. ডিপ্লোমা প্রকৌশলীদের মতো পদন্নোতি ও উচ্চ শিক্ষা বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন; ২. স্বাস্থ্য অধিদপ্তরসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দ্রুত বাস্তবায়ন করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা নিশ্চিত করতে হবে; ৩. ২০১০ সালের বিএমডক অ্যাক্টের ২৯/২ ধারা সংশোধন করতে হবে; ৪. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সিলেকশন গ্রেড বাস্তবায়ন করতে হবে; ৫. মানহীন বেসরকারি ম্যাটস বন্ধ করতে হবে এবং ৬. পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পেনশন জটিলতার বঞ্চনার অবসান ঘটাতে হবে।