১৩ অগাস্ট, ২০২১ ১১:১১ পিএম

দুই প্রফের শিক্ষার্থীদের জন্য ২১ আগস্ট থেকে মেডিকেল খোলার প্রস্তাব 

দুই প্রফের শিক্ষার্থীদের জন্য ২১ আগস্ট থেকে মেডিকেল খোলার প্রস্তাব 
ছবি: সংগৃহীত

মো. মনির উদ্দিন: এমবিবিএস দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রফ পরীক্ষা সামনে রেখে আগামী ২১ আগস্ট থেকে দেশের মেডিকেল কলেজগুলো খুলে দেওয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। করোনায় মেডিকেল শিক্ষাকে সেশনজটমুক্ত রাখতে ধারাবাহিক কাজের অংশ হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে এ প্রস্তাব দিয়েছে তারা। এ ব্যাপারে কমিটির মতামত এবং এ অনুসারে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে ওই দুই ব্যাচের শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কয়েক মাসের জন্য মেডিকেল কলেজগুলো খুলে দিতে চায় অধিদপ্তর। তবে এ ব্যাপারে এখনো কারিগরি পরামর্শক কমিটির আনুষ্ঠানিক কোনো মতামত পায়নি তারা।

আজ শুক্রবার (১৩ আগস্ট) রাত পৌনে দশটার দিকে মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। 

তিনি বলেন, ‘২১ আগস্ট মেডিকেল কলেজগুলো খুলে দেওয়ার ব্যাপারে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চাওয়া হয়েছে। এ নিয়ে কমিটির কোনো সিদ্ধান্ত এখনো পাইনি। আমরা খুলে দিতে চাই।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘এটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া। মেডিকেল কলেজ আমরা পুরোপুরি বন্ধ রাখিনি। আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসেছি। তারা পরীক্ষা দেওয়ার পর আবার ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। করোনার এই সময়ে একসঙ্গে সবাই ক্যাম্পাসে সবাই ছিল না। পরীক্ষার আগে আগে এসেছে। কিছু দিন ক্লাস হওয়ার পর তারা পরীক্ষায় অংশ নিয়েছে, তারপর চলে গেছে। এভাবে আমরা ধারাবাহিকভাবে পরীক্ষা নিয়েছি।’ 

‘এ ধারাবাহিকতায় সামনে আরও দুটি ব্যাচের প্রফ পরীক্ষা হবে। একটি ব্যাচ ২০-২১ সেশনের। আরেকটি ব্যাচ যারা ফাইনাল প্রফ দেবে। পরীক্ষা সামনে রেখে আমরা চাচ্ছি, তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আসতে। যাতে তারা প্রয়োজনীয় ক্লাস করে পরীক্ষায় অংশ নিতে পারে। এতে মেডিকেল শিক্ষা সেশনজট মুক্ত থাকবে। কারণ সেশনজট হলে দেশে চিকিৎসক শূন্যতা তৈরি হবে’,—যোগ করেন স্বাস্থ্য শিক্ষা ডিজি।

নব্বই ভাগের বেশি শিক্ষার্থীর টিকা গ্রহণ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষা দিতে যারা ক্যাম্পাসে আসবে, তারা আগের মতোই ধারাবাহিকভাবে ক্লাস করবে এবং পরীক্ষায় অংশ নেবে। তাদের থিওরিটিক্যাল ক্লাস হয়ে গেছে, ৩/৪ মাস প্র্যাকটিকেল হবে, এর পর পরীক্ষা। এ সংক্রান্ত একটি প্রস্তাবই কারিগরি পরামর্শক কমিটির কাছে পাঠানো হয়েছে। 

প্রস্তাবনায় নির্দিষ্ট কোনো সময়োল্লেখ করেছেন কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবনা হলো, নির্দিষ্ট দুই ব্যাচের জন্য আমরা ২১ আগস্ট থেকে ক্যাম্পাস খুলে দিতে চাই। তারা যে মতামত দেবে, সেটার ভিত্তিতে মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে। কমিটির ইতিবাচক মত পেলে খোলা হবে, তা না হলে খুলবো না।’

মেডিকেল শিক্ষার্থীদের বিষয়ে অধিদপ্তর সব সময় সচেতন উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংকটের মধ্যেই মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। সব জায়গাতেই আমরা অগ্রসর আছি। কোনো বিষয়েই আমরা তাদেরকে পিছিয়ে রাখিনি। এখনো একটি গ্রুপ পরীক্ষা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে যারা পরীক্ষা দেবে, তাদেরকে কলেজে নিয়ে আসতে চাই।’

কলেজ খোলার বিষয়ে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত এলে প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে বলেও এ সময় জানান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। 

যা বললেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন

মেডিকেল কলেজগুলো খুলে দেওয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কিনা—জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘এ ব্যাপারে আমি এখনো অবগত না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এখন কলেজগুলো খুলেও খুবই একটা ফল আসবে না। ঢাকা মেডিকেল ও মুগদা মেডিকেলে কোভিড রোগীতে পূর্ণ। শিক্ষার্থীদের তৃতীয় বর্ষ থেকেই ওয়ার্ডে পাঠাতে হয়। তো এই পরিস্থিতিতে ওরা কোথায় যাবে, কী শিখবে? কার কাছে পরীক্ষা দেবে? সবাই তো বড় বড় ঝুঁকির মধ্যে আছে। থিওরিটিক্যাল ক্লাস তো অনলাইনেই চলছে। যেই প্র্যাকটিক্যালের জন্য আমরা চেষ্টা করছি, যা মূলত মেডিকেল শিক্ষার প্রাণ, সেটার পরিবেশগত কোনো উন্নতি হয়নি। বর্তমান পরিস্থিতিতে প্রাইভেটে করোনাসহ অন্যান্য রোগী কম। এর সঙ্গে সরকারির হাসপাতালের চিত্র মেলানো যাবে না।’

জাতীয় পরামর্শক কমিটির বক্তব্য

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘সরকার চেষ্টা করছে দেশের মেডিকেল কলেজগুলো আগামী ২১ আগস্ট থেকে খুলে দেওয়ার জন্য। পরামর্শক কমিটির মিটিংয়ে এর পক্ষে-বিপক্ষে আলোচনা হয়েছে যে, কোন প্রক্রিয়ায় এটি খুলে দেওয়া হবে।’

ওই রাতে আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান্স (এসিপি) বাংলাদেশ চ্যাপ্টারের এক অনলাইন আলোচনায় তিনি বলেন, আগামী ২১ আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের মেডিকেল কলেজগুলো। এ দিন পঞ্চম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের মাধ্যমে শুরু হবে এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস। 

প্রসঙ্গত, বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর লকডাউন তুলে দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়। এর মধ্যে গত ১৩ জুন  থেকে স্কুল-কলেজ খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা পরিস্থির অবনতি হওয়ায় ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়। সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক