ঢাকায় চীনের উপহারের আরও ১০ লাখ টিকা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে চীন ধারাবাহিকভাবে টিকা পাঠাচ্ছে ঢাকায়। আজ দেশে আসলো তাদের দেওয়া উপহারের আরও ১০ লাখ ডোজ সিনোফার্ম টিকা।
আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চীন থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
এর আগে আজ সকালে বিমানটি তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪.১ টন সিরিঞ্জ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয়। অবতরণের পর বিমানের পক্ষ থেকে সকল প্রকার গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা প্রদান করে।
এছাড়াও আগামী শনিবার (১৪ আগস্ট) শিডিউল অনুযায়ী বিমানের ৭৮৭-৯ মডেলের আরেকটি চার্টার্ড ফ্লাইট ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। বিমানটি শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে দেশটি।
এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে এসেছে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা।