রেকর্ড ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড ২৪২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছে ২২১ জন এবং সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আরও ২১ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ২২১ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২৪ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ৭২ জন চিকিৎসা নিচ্ছেন।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল পাঁচ হাজার ৪৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৫১৬ জন।
এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগ নিয়ন্ত্রণ, রোগতত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর সংবাদ নিশ্চিত করেনি আইইডিসিআর।
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছিল সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। চলতি সপ্তাহ থেকে আবারও অভিযান শুরুর কথা রয়েছে।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ এ ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ একহাজার ৩৫৪ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫