এক সপ্তাহ পেছালো দেশের গণটিকা কার্যক্রম
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণটিকাদান কার্যক্রম আগামী ৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।’
ডা. খুরশীদ আলম আরও বলেন, ‘আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনের কারণে পরিবহনে সমস্যা। তাই সাত তারিখ রান টেস্ট, আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু। ভ্যাকসিনেশনের এই ক্যাম্পেইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন।’
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে।