বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞান
শিল্প কলকারখানা খোলা, অভ্যন্তরীণ রুটে চলবে বিমান
মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আরোপিত আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন দুটি শর্তে ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।
দুটি শর্তে বলা হয়েছে, শিল্প, কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
গত ৩ আগস্ট করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় চলমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বেড়েছে। সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে সেই শর্ত আরোপ করা হয়েছে। অফিস-আদালত ১১ তারিখ থেকে খুলবে। এই কয়দিন বাস্তবতা লক্ষ করব। টেস্ট কেইস হিসেবে দুই-চারদিন দেখবো। প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে বসে সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতি সচল রাখাও দায়িত্ব। সেজন্য কিছু শিল্প-কারখানা খোলা হয়েছে। যানবাহন সব চলবে না। রোটেশন অনুযায়ী চলবে। ১০০ গাড়ি থাকলে শ্রমিক নেতারা ঠিক করবে, অল্পসংখ্যক চলবে। সীমিত আকারে গাড়ি চলবে। রেল ১০টার জায়গায় হয়তো ৫টা চলবে।’