স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি
টিকা নেওয়া ছাড়া বাইরে যাওয়া যাবে না, এ প্রস্তাবনা দেওয়া হয়নি
মেডিভয়েস রিপোর্ট: ১৮ বছরের ঊর্ধ্বে টিকা নেওয়া ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না—এ রকম কোনো প্রস্তাবনা কোথাও দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘১৮ বছরের ঊর্ধ্বে টিকা নেওয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’—মর্মে নামে-বেনামে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হওয়ায় এবং কিছু সংবাদে বক্তার নাম উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, '১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে যেতে পারবে না' বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। মূলতঃ '১৮ বছরের উর্ধ্বে কেউ টিকা নেওয়া ছাড়া ঘরের বাইরে কেউ যেতে পারবে না'—এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেয়া হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ৭-১২ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিতব্য কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য গতকাল ৩ আগস্ট, মঙ্গলবার, মন্ত্রিপরিষদ বিভাগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এক সপ্তাহে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রমকে সফল করতে দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে ভ্যাক্সিন প্রদান কার্যক্রমকে ফলপ্রসূ করা যায়—সে ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়। কিন্তু উক্ত সভায় '১৮ বছরের ঊর্ধ্বের কেউ টিকা নেওয়া ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না'—এ ধরনের কোন কথা বা সিদ্ধান্ত বা কোন রকম প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়নি। সামাজিক মাধ্যমে এই বক্তব্যটি কার তা উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে একটি ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
এ পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, বিভিন্ন মাধ্যমে প্রচারিত ‘১৮ বছরের উর্ধ্বে টিকা নেওয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’ বা এই সংশ্লিষ্ট সংবাদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে '১৮ বছরের ঊর্ধ্বে টিকা নেওয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না' এরকম কোনো সিদ্ধান্ত গতকালের বৈঠকে নেওয়া হয়নি। এ রকম সংবাদে সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মনে যাতে সংশয় দেখা না দেয়, সে ব্যাপারে সকলের সহোযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।