০৬ জুলাই, ২০২১ ০৭:৩১ পিএম

সারাদেশে ৫২৪ চিকিৎসককে কোভিড ইউনিটে বদলি

সারাদেশে ৫২৪ চিকিৎসককে কোভিড ইউনিটে বদলি
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি নানা পদক্ষেপ হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসাতালের ৫২৪ চিকিৎসককে মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের করোনা ইউনিটে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) পর্যন্ত মেডিভয়েসের হাতে আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

এর মধ্যে সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৮৪ চিকিৎসককে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের করোনা ইউনিটে বদলির এ তথ্য জানানো হয়েছে। 

এসব চিকিৎসককে দশ জেলার করোনা ডেডিকেটেড হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে বদলির কথা জানিয়ে আরও বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।’

বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে, পটুয়াখালী মেডিকেলের ১৩ চিকিৎসককে পটুয়াখালী জেলা হাসপাতালে, রাঙ্গামাটি মেডিকেলের ১৬ চিকিৎসককে বান্দরবান জেলা হাসপাতালে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের ২৭ চিকিৎসককে শরিয়তপুর জেলা হাসপাতালে ও ৩৬ জন চিকিৎসককে ফরিদপুর জেলা হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেলের ১৮ চিকিৎসককে খাগড়াছড়ি জেলা হাসপাতালে কুমিল্লা মেডিকেলের ২২ চিকিৎসককে ব্রাহ্মণবাড়িয়া, ২১ চিকিৎসককে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে এবং ৬১ চিকিৎসককে একই মেডিকেল কলেজের কোভিড ইউনিটে পদায়ন করা হয়েছে।

এছাড়াও নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ১০ চিকিৎসক, কুমিল্লা মেডিকেল অ্যাসিসটেন্ট’স ট্রেনিং স্কুলের (ম্যাটস) দুইজন চিকিৎসক ও চাঁদপুর মেডিকেল কলেজের ১০ চিকিৎসককে চাঁদপুর জেলা হাসপাতালে, কক্সবাজার মেডিকেল কলেজের ৪১ চিকিৎসককে কক্সবাজার জেলা হাসপাতাল এবং সাত চিকিৎসককে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উল্লেখিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। তাঁদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ জুলাই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। তাঁরা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগদানপত্র দাখিল করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ যোগদানপত্র স্বাস্থ্য সেবা 
বিভাগের পার-১ শাখার ই-মেইল ([email protected]) এ আবশ্যিকভাবে প্রেরণ করবেন।

চিকিৎসকগণ পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতাদি উত্তোলন করবেন। তাঁদের মধ্যে কারো বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন। এবং যথাসময়ে পদায়িত কর্মস্থলে যোগদান করবেন। এক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। চিকিৎসকদের এইচআইআরএসের মাধ্যমে মুভ ইর বা মুভ আউটের প্রয়োজন নেই বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খুলনার ১৭৫ চিকিৎসককে বদলি 

এদিকে সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে খুলনা বিভাগের বিভিন্ন মেডিকেলে কর্মরত ১৭৫ জন চিকিৎসককে সংযুক্তিতে জেলা হাসপাতালগুলোতে বদলির কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।’

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় ১৪ জন, নড়াইলে ১২ জন, ঝিনাইদহ জেলায় ১৫ জন, মেহেরপুর জেলায় ১৫ জন, খুলনা জেলায় ২৮ জন, যশোর জেলায় ২৪ জন, বাগেরহাট জেলায় ১৪ জন, মাগুরা জেলায় ১৪ জন, সাতক্ষীরা জেলায় ১৬ জন, কুষ্টিয়া জেলায় ২৩ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।’

রংপুরে ৬৫ জনকে কোভিড ইউনিটে বদলি 

এ ছাড়া করোনাভাইরাস মোকাবিলায় রংপুর মেডিকেল কলেজের ৬৫ জন চিকিৎসককে হাসপাতালের করোনা ইউনিটে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে বেশ আগে মারা যাওয়া ও অবসরপ্রাপ্ত দুইজন চিকিৎসকের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

সোমবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ৮ জুলাইয়ের পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এ আদেশ জনস্বাস্থ্যে জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রী একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

এদিকে বদলির তালিকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফেরদৌস আরা শেখের নাম উল্লেখ রয়েছে। হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এ চিকিৎসক বেশ আগে মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ আদেশে বদলি দেখানো ডা. মমতাজ বেগম এরই মধ্যে রংপুর মেডিকেল কলেজ থেকে অবসরে গেছেন।

তালিকায় মৃত ও অবসরপ্রাপ্ত দুইজন চিকিৎসকের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জনবল বণ্টনের গুরুত্বপূর্ণ এ তালিকায় মারাত্মক ভুল থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমালোচনা করেছেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক বদলি
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক