যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় চাপের মুখে পদত্যাগ করা ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।
স্থানীয় সময় গতকাল শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশটির সাবেক এই অর্থমন্ত্রীর নাম জানানো হয়।
গত মাসের শুরু থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন ৫১ বছর বয়স্ক সাজিদ জাভিদ।
জনসনের মন্ত্রিসভার সবচেয়ে অভিজ্ঞ এ সদস্য এর আগে ট্রেজারি এবং হোমসহ আরও পাঁচটি বিভাগের দায়িত্ব পরিচালনা করেছিলেন।
গত বছর সাজিদ জাভিদ অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে রাজি না হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হন জাভিদ।
করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জেরে গত শনিবার পদত্যাগ করেন হ্যানকক। তাঁর ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলে।
গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। পরে পদ ছাড়তে বাধ্য হন। লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাঁদের তিনটি করে সন্তানও রয়েছে। তাঁদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়।
যুক্তরাজ্যে বিধিনিষেধ চললেও কাজের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে নেই। তবে সরকারের পরামর্শ হচ্ছে, যেখানে সম্ভব মানুষ যেন দুই মিটার বা সংক্রমণের ঝুঁকি কমাতে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখে। পাশাপাশি দাঁড়ানোর ক্ষেত্রে এ নিয়ম মানতে হবে বা মাস্ক পরতে হবে।