‘আর্মি ফার্মা লিমিটেড’ উদ্বোধন করলেন সেনাপ্রধান
মেডিভয়েস রিপোর্ট: মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘আর্মি ফার্মা লিমিটেড’ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (২৭ মে) গাজীপুরের জয়দেবপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আর্মি ফার্মা লিমিটেড’ উদ্বোধন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেডের ফ্যাক্টরি নির্মাণের কাজ চলছে জয়দেবপুরের শিমুলতলীতে। শত বিঘা জমির ওপর অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, অয়েন্টমেন্ট, এন্টি-বায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি-ক্যান্সার, হারবাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদনের সুবিধা থাকবে।
এছাড়া, মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সংযুক্ত করা হয়েছে। বিভিন্নক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রোডাক্ট ডেভলপমেন্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেনাপ্রধান আর্মি ফার্মাকে তাঁর স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করে ’ বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রকল্প উদ্বোধনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসারের মতো অসুখে সবাই ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত এসব রোগের ওষুধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারণের ক্রয়-ক্ষমতার মধ্যে থাকে এবং সবার জন্য সহজপ্রাপ্য হয়, সেজন্য তিনি আর্মি ফার্মার প্রতি উদাত্ত আহ্বান জানান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রাকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
-
৩০ মে, ২০২১